অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির মতো সাইবার অপরাধের শিকার নাগরিকদের দ্রুত সহায়তা দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চালু করেছে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’। নতুন এ সেবাকেন্দ্রের মাধ্যমে সাইবার অপরাধের অভিযোগ গ্রহণ, তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হবে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে সিএমপি সদর দপ্তরে ফলক উন্মোচনের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অনেক মানুষ প্রতারণার শিকার হলেও কোথায় যাবেন বা কী করবেন তা বুঝে উঠতে পারেন না। নতুন এ সেন্টার নাগরিকদের জন্য একটি সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
তিনি বলেন, “সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের মাধ্যমে অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে। অভিযোগের ধরন অনুযায়ী ভুক্তভোগীদের তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হবে।”
কমিশনার আরও বলেন, সাইবার অপরাধের ঘটনায় স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএসসহ বিভিন্ন ডিজিটাল তথ্য-উপাত্ত সংরক্ষণে সহায়তা করা হবে। পাশাপাশি পাসওয়ার্ড সুরক্ষা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদে ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।
তিনি জানান, প্রয়োজনে ভুক্তভোগীদের সংশ্লিষ্ট থানা, জাতীয় হেল্পলাইন কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহযোগিতা করবে সেন্টারটি। একই সঙ্গে সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
সিএমপি সূত্র জানায়, ডিজিটাল লেনদেন, ই-কমার্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রসারের সঙ্গে সাইবার অপরাধের ঘটনাও বাড়ছে। এসব অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এই বিশেষায়িত সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মো.কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।