বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক বিএনপি নেতা। মঙ্গলবার (৯ জুন) রাতে জেলার ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
কি কারনে এই হামলার ঘটনা ঘটেছে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। কারা এই দুই নেতার উপর কেন হামলা করল তা জানতে তদন্ত শুরু করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন।
এ ঘটনায় আহত আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাদের রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন।
আহত অপর বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দুজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় কৃষক দল নেতা বাদল ও বিএনপি নেতা আব্দুল্লাহ মোটরসাইকেলযোগে বাগেরহাট সদর থেকে ফকিরহাটে যাচ্ছিলেন। এসময় পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কূষকদল নেতা বাদলকে মৃত ঘোষণা করে। অপর আহত বিএনপি নেতা আব্দুল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
কি কারনে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি। কারা এই দুই নেতার উপর কেন হামলা করল তা জানতে তদন্ত শুরু করেছি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত বাদলের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।