খালেদার চিকিৎসায় নির্দলীয় মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের একটি নির্দলীয় মেডিকেল বোর্ড গঠনের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশে হাইকোর্ট বলেছে, মেডিকেল বোর্ডে আওয়ামী লীগপন্থী ডাক্তারদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বিএনপিপন্থীদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোনো সদস্য থাকতে পারবেন না।

খালেদা জিয়াকে দেশের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার নির্দেশনা চেয়ে করা রিট নিষ্পত্তি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের যুগ্ম-বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদেশে আরও বলা হয়, খালেদা জিয়া এই বোর্ডে তার পছন্দমতো তিনজন চিকিৎসক রাখতে পারবেন।বোর্ডের অনুমতি সাপেক্ষে বিদেশ থেকেও চিকিৎসক এনে যুক্ত করা যাবে বলে আদালত মতামত দিয়েছে।

তবে খালেদা জিয়ার চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই হতে হবে বলে হাইকোর্ট বলছে।

শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন।অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিএনপি প্রধানের পক্ষে তার আইনজীবীরা গত ৯ সেপ্টেম্বর রিটটি দায়ের করেছিলেন।