নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল

নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের একথা জানান। খবর: বাসস।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

ইসি সচিব বলেন, প্রতিনিধি দল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছেন। কমিশন থেকে বলা হয়েছে, আইনের মধ্যে থেকে সব ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘ইইউ আমাদের কাছে পর্যবেক্ষক (অবজারভার) সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাদের বলেছি, আমাদের ১১৯টি স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপ রয়েছে। এ ছাড়া বাইরের দেশ থেকে যে পর্যবেক্ষকেরা আসতে চাইবেন, তাদের স্বাগত জানানো হবে। তাদের জন্য একটি নীতিমালা রয়েছে। সে অনুযায়ী তারা সবকিছু করতে পারবেন। তাদের আইডি কার্ড দেয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন বলেন, ইইউ প্রতিনিধি ‘ইভিএম, পর্যবেক্ষক, জনবল, আইনশৃঙ্খলা বাহিনী, প্রবাসীদের ভোট দেয়ার প্রক্রিয়া এবং ভোটার তালিকা’ সম্পর্কে জানতে চেয়েছেন।

এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের ৭ সদস্যের একটি প্রতিনিধি দলে সঙ্গে নির্বাচন ভবনে সিইসি কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক করে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রি. জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে ইইউভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূত অংশ নেয়।