ভিকারুননিসা বন্ধ, অধ্যক্ষসহ ৩ জনকে বরখাস্তের নির্দেশ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষিকাকে বরখাস্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে স্কুলটির গভর্নিং বডি অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে।

গত সোমবার নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে অরিত্রী অধিকারী। তার পরিবার অভিযোগ করে, স্কুলের অধ্যক্ষসহ অপর শিক্ষিকা নকলের অভিযোগ এনে অরিত্রী ও তার বাবা-মাকে স্কুলে ডেকে নিয়ে ‌‘অপমান’ করে। এ ক্ষোভ সইতে না পেরে শান্তিনগর নিজ বাসায় আত্মহত্যা করে অরিত্রী।

মঙ্গলবার বেইলি রোডের ক্যাম্পাসে গিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তদন্ত কমিটি বুধবার তাদের প্রতিবেদনে তিন শিক্ষিকাকে অরিত্রী অধিকারীর অত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত করে তাদের বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। অপর দুই অভিযুক্ত শিক্ষিকা জিনাত আকতার ও হাসনা হেনা।

বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী তিন শিক্ষিকাকে বরখাস্তের নির্দেশ দেন। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের গঠিত তদন্ত কমিটি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের প্রমাণ পেয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির গভর্নিং বডিকে প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) নাজনীন ফেরদৌস, বেইলি রোড ক্যাম্পাসের প্রভাতী শাখার প্রধান জিনাত আকতার ও শিক্ষক হাসনা হেনাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, পাশাপাশি এই তিন শিক্ষকের বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ওই শিক্ষকদের বিরুদ্ধে গভর্নিং বডিকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন মন্ত্রী।

অপরদিকে সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। দুপুরে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘অরিত্রীর মৃত্যুর ঘটনায় অভিভাবক ও তার সহপাঠীরা শোকাহত।  এজন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে অভিভাবকদের মেসেজ দিয়ে জানানো হবে।’

মঙ্গলবারের মতো বুধবারও বিক্ষোভ করেছে ছাত্রীরা। তারা অধ্যক্ষের অপসারণ, গভর্নিং বডি পরিবর্তনসহ ছয় দফা দাবি জানায়।