মাইলফলকের ম্যাচে মাশরাফির ৩ উইকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নেমেই দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার কীর্তি গড়েছেন এই পেসার।

মাইলফলকে পৌঁছানো ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম করেছেন নড়াইল এক্সপ্রেস। নিয়েছেন তিন উইকেট। কৃপণতার পরিচয় দিয়েছেন রান দেওয়ায়ও। ১০ ওভারে তিন গড়ে মাত্র ৩০ রান দিয়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করেন অভিজ্ঞ এই পেসার।

২০০১ সালের ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল মাশরাফির। ১৭ বছর পেরিয়ে পা রাখলেন ২০০তম ম্যাচে।

২০০ ওয়ানডেতে মাশরাফির মোট উইকেট ২৫৫টি। পাঁচ বা এর বেশি উইকেট নিয়েছেন একবার। আর চার উইকেট নিয়েছেন সাতবার। সেরা বোলিং ১০ ওভারে ২৬ রানে ৬ উইকেট। ২০০৬ সালে নাইরোবিতে ক্যানিয়ার বিপক্ষে এই পারফরম্যান্স দেখান তিনি।

দুটি ওয়ানডে মাশরাফি খেলেছেন এশিয়া একাদশের পক্ষে, আফ্রিকা একাদশের বিপক্ষে। বাংলাদেশের পক্ষে তাই মাশরাফির ওয়ানডে ম্যাচের সংখ্যা ১৯৮টি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে মুশফিকুর রহীম, ১৯৫ ম্যাচ খেলেছেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচ খেলতে পারলে বাংলাদেশের পক্ষেও ২০০তম ম্যাচের কীর্তি গড়া হবে মাশরাফির।