জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
রোববার এক সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, নির্বাচনে যেন কোন প্রভাব না পড়ে সেটি বিবেচনায় রেখেই এনবিআর কাজ করছে।
গত ১৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশন(দুদক) এনবিআরকে চিঠি দিয়ে জানতে চায়, গণফোরাম সভাপতি কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা ।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, “আমরা এই বিষয়ে কাজ করছি। একটু সময় লাগবে।”
তিনি আরও বলেন, “আপনারা নিজেরাই বোঝেন, এই মুহূর্তে যদি আমরা খুব গড়গহস্ত হয়ে যাই তাহলে অনেকেই হয়তো ভাববেন, উনি বিরোধী দলের হয়ে ইলেকশন করছেন এজন্য উনারে ধরতে যাচ্ছি। যাই হোক এ প্রক্রিয়া চালু আছে। তাকে ছাড় দিচ্ছি না।”