বুধবার টুঙ্গিপাড়া থেকে প্রচারে নামছেন শেখ হাসিনা

বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ তথ্য জানান বলে বাসসের এক প্রতিবেদনে বলা হয়।

তিনি বলেন, বুধবার শেখ হাসিনা ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন। সেখানে পৌঁছে প্রথমে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন। এরপর টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন

আওয়ামী লীগ সভাপতি।

নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি-জামায়াত নাশকতার পাঁয়তারা করছে উল্লেখ করে নানক বলেন, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং এতে ব্যাপক বাণিজ্য হয়েছে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের অভিযোগ অনুযায়ী, লন্ডনে পলাতক তারেক রহমান এই মনোনয়ন বাণিজ্য করেছেন। তাহলে বিএনপির মনোনয়ন বাণিজ্যে কত টাকা দেশ থেকে পাচার হয়েছে?

এক প্রশ্নের জবাবে নানক বলেন, আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। যারা স্বতন্ত্র দাঁড়িয়েছিল তারা প্রায় সবাই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ১৬ ডিসেম্বর দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বি এম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।