গত দশ বছরে দেশের ব্যাংক খাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লুটপাট হয়েছে বলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দাবিকে ‘জাস্ট রাবিশ’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার তার ছোট ভাই, সিলেট-১ আসনে মহাজোটের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নির্বাচনী প্রচার চালানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।
নির্বাচনী প্রচারে অংশ নিতে আবুল মাল আবদুল মুহিত দুপুরে বিমানে সিলেট পৌঁছান। তিনি প্রথমে হযরত শাহজালালের (রহঃ) মাজার জিয়ারত করে দরগামহল্লা এলাকায় আব্দুল মোমেনকে সঙ্গে নিয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। এসময় অর্থমন্ত্রী সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
গণসংযোগকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিসবাহ উদ্দিন সিরাজ, বদর উদ্দিন আহমদ কামরান, শফিকুর রহমান চৌধুরী, আসাদ উদ্দিন আহমদ, আজাদুর রহমান আজাদ, শফিউল আলম চৌধুরী নাদেল, নাসির উদ্দিন খান প্রমুখ।