বাণিজ্য মন্ত্রী ও ভোলা ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে প্রথম দিনেই এক লক্ষ লোক হত্যা করবে। আজ বুধবার সকালে ভোলার গাজীপুর রোডের বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
২০০১ এর নির্বাচনের পর ভোলায় সীমাহীন নির্যাতন করেছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, লর্ডহার্ডিংয়ে এক হিন্দু মেয়ে সতীত্ব রক্ষা করতে পানিতে লুকিয়ে ছিল, সেখান থেকে উঠিয়ে এনে নির্যাতন করেছে। মানুষের চোখ উঠিয়ে দিয়েছে। তারা যদি আবারও ক্ষমতার স্বাদ পায় প্রথম দিনেই এক লক্ষ লোক হত্যা করবে। তবে সেই সুযোগ আর হবে না।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশের দক্ষিণাঞ্চলকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা হবে। ইতিমধ্যেই ভোলায় ছয় শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আরও ছয়’শত মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। দেশের মানুষ অবশ্যই নৌকাকেই ভোট দেবে, যারা দেশে কে পিছিয়ে নিতে চেয়েছিল তাদেরকে নয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।