সিলেটে ড. কামাল

নির্বাচনে শেষ পর্যন্ত লড়ে যাবে ঐক্যফ্রন্ট

নির্বাচনে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সুষ্ঠু নির্বাচনের আলামত দেখা যাচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, প্রতিদিন ঐক্যফ্রন্টের নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তবে এতে দমে গেলে হবে না। সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের মাঠে থাকতে হবে।

ড. কামাল হোসেন বুধবার সন্ধ্যায় সিলেটে হজরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত শেষে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব বলেন।

তিনি বলেন, ভোটে দুই নম্বরির চেষ্টা হবে। এটা প্রতিহত করতে হবে। এ জন্য ভোট কেন্দ্র পাহারা দিতে তিনি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় ড. কামাল আরও বলেন, এ দেশের মালিক হলেন জনগণ। কিন্তু সুষ্ঠু নির্বাচন না হলে জনগণের মালিকানা থাকে না। জনগণের মালিকানা না থাকলে স্বাধীনতা থাকে না। স্বাধীনতার লক্ষ্যই হলো সুষ্ঠু নির্বাচন আয়োজন।

ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ বুধবার বিকেলে বিমানপথে সিলেট পৌঁছান। তাঁরা প্রথমে হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করে দরগামহল্লা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় আশেপাশের এলাকায় ঐক্যফ্রন্টের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান দেন। পরে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতাদের একটি দল সিলেটের দক্ষিণসুরমায় এবং আ স ম আব্দুর রবের নেতৃত্বে অপর একটি দল জৈন্তাপুরের বটতলায় গণসংযোগে যান।

গণসংযোগকালে সিলেট বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-১ (মহানগর-সদর) আসনে দলের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর, সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক প্রমুখ।