প্রথম শ্রেণির ভর্তি আইডিয়াল স্কুলে দুদকের অভিযান

লটারির মাধ্যমে প্রথম শ্রেণির ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়ায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার এলাকাবাসী ও অভিভাবকদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ ও উপসহকারী পরিচালক জিন্নাতুল ইসলামসহ দুদকের পুলিশ ইউনিটের সদস্যরা এ অভিযানে অংশ নেন। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখায় ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ৮৪০ জন শিক্ষার্থী ভর্তি হবে। এর মধ্যে বালক ও বালিকা পৃথক ক্যাটাগরিতে মতিঝিল ও বনশ্রী শাখায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে এবং মুগদা শাখায় বাংলা ভার্সনে ছাত্র-ছাত্রী ভর্তি হবে। গত সোমবার ছয়টি ও মঙ্গলবার চারটি ক্যাটাগরির লটারি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত লটারি পর্যবেক্ষণ করে দুদক টিম। বলপেন দিয়ে লটারির ফল লেখা নিশ্চিত করে দুদক।