বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে হাতপাখা’র পোস্টার লাগানোর সময় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা শাহজালাল সিরাজী।
প্রতীক বরাদ্দের পর মঙ্গলবার গভীর রাতে মোংলা পৌর শহরে দলীয় নেতাকর্মীরা হাতপাখা’র পোস্টার লাগানোর সময় পুলিশ তাতে বাধা দেয়।
এ সময় পুলিশ দড়িতে ঝুলানো পোস্টার খুলে সরিয়ে নিতে বাধ্য করে। এছাড়া হাতপাখা’র নেতাকর্মীদের মারধরসহ নানাভাবে হয়রানি ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ শাহজালাল সিরাজীর।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিজয় নিশ্চিত।
তবে প্রশাসনের যে ভাবভঙ্গি দেখছি তাতে কোনোভাবেই মনে হচ্ছে না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে। এসব বিষয়ে আমরা এরই মধ্যে নির্বাচন অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগও দিয়েছি।