বাংলাদেশে মত প্রকাশের অধিকার হুমকির মুখে: হিউম্যান রাইটস ওয়াচ

নির্বাচনের আগে সরকারের অবস্থানের কারণে বাংলাদেশের সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার হুমকির মুখে বলে মনে করছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেয়া এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘‘স্বতন্ত্র ও বিরোধী পক্ষকে দমন করছে আওয়ামী লীগ সরকার। ক্ষমতাসীন দল পূর্ণ রাজনৈতিক নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে।’’

বাংলাদেশে এক ধরনের ভয়ের পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি, ‘‘প্রধান বিরোধী দলের সমর্থক ও সদস্যরা গ্রেপ্তার, হত্যা, গুমের শিকার হচ্ছেন। যার কারণে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।’’

বিবৃতিতে আরও বলা হয়, ‘‘এমন অবস্থায় নিরপেক্ষ ও স্বাধীনভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন বাধাগ্রস্ত হচ্ছে।’’