জন্মের দুই ঘণ্টা যেতে না যেতেই বিখ্যাত হয়ে গেছে রামাইয়া। ভারতের কনিষ্ঠ নাগরিক হিসেবে দ্রুততম সময়ে পোসপোর্টসহ সব ধরনের সরকারি কাগজপত্র পাওয়ার ইতিহাস গড়েছে সে।
রামাইয়া ১২ ডিসেম্বর গুজরাটের সুরাতে জন্মগ্রহণ করে। জন্মের পরপরই তার বাবা-মা আধার কার্ড, রেশন কার্ড এবং পাসপোর্ট জোগাড় করে ফেলেন।
রামাইয়ার বাবা অঙ্কিত নগরানি বলছেন, এটি তার স্বপ্ন ছিল।
“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়ার অংশ করতে চেয়েছি আমার সন্তানকে। সরকারি কাগজপত্র পাওয়ার দিক থেকে মেয়েকে প্রথম বানানোর স্বপ্ন ছিল আমার।”
“কর্তৃপক্ষের সাহায্যে আমি স্বপ্নকে সত্য করতে পেরেছি। যেভাবে আমার মেয়ে ডিজিটাল ভারতের সঙ্গে পরিচিত হয়েছে, আমার বিশ্বাস ভবিষ্যতে তাতে সে গর্বিত হবে,” যোগ করেন রামাইয়ার বাবা।
অঙ্কিতের স্ত্রী ভূমিও এই ঘটনায় যারপরনাই খুশি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় উচ্ছ্বাসে ভাসছিলেন তিনি, “আগে থেকেই আমরা কাগজপত্র প্রস্তুত করছিলাম। প্রথমে জন্মনিবন্ধন, তারপর অন্য কাগজগুলো সংগ্রহ করি।”
এর আগে এপ্রিলে সোচির এক দম্পতি তাদের সন্তানের জন্য দেড় ঘণ্টার কিছু বেশি সময়ের ভেতর আধার কার্ড সংগ্রহ করেন। কিন্তু একসঙ্গে পাসপোর্ট, রেশন এবং আধার কার্ড সংগ্রহ করার নজির এই প্রথম।