সুব্রত চৌধুরীর ওপর হামলার অভিযোগ

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা-৬ আসনে নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় হামলা হয় বলে তিনি অভিযোগ করেন।

আইনজীবী সুব্রত চৌধুরীর দেশ রূপান্তরকে বলেন, “ইত্তেফাকের মোড় থেকে গণসংযোগ করতে করতে হাটখোলা যাই। সেখানে একটি দোকানে উঠছিলাম। ওই দোকানে ঢুকেই হামলা করল। ১৫-২০ জনের একটি দল এসে আমার ও আমার কর্মীদের ওপর হামলা করে। লিফলেটসহ সবকিছু তছনছ করে দেয়।”

ঢাকা-৬ আসনের মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশীদের সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে সুব্রতর অভিযোগ। পুলিশ কাছাকাছি থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি, কয়েকজন কর্মীকে পুলিশ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে কাজী ফিরোজ রশীদ বলেন, “সুব্রত চৌধুরী আমার বন্ধু মানুষ। এ ধরনের হামলা করার প্রশ্নই আসে না। এ ধরনের ঘটনার কথা আমার জানা নেই। আমি সদরঘাট এলাকায় প্রচারে ছিলাম।’

তিনি আরও বলেন, তিনি (সুব্রত) বাম রাজনীতি করতেন। এখন উনি যেন বিএনপি-জামায়াতের কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় না দেন।