প্রেমিকের জন্য ঘর ডাকাতি প্রেমিকার

ঘর থেকে টাকা চুরি করে প্রেমিকের সঙ্গে প্রেমিকার পালিয়ে যাওয়া নাটক সিনেমারই পরিচিত দৃশ্য। তবে প্রেমিকের পড়াশোনার খরচ জোগাতে ঘর থেকে চুরি করা একটু বেমানানই বটে। কিন্তু ভারতের বেঙ্গালুরুতে এমন কাজ করে প্রেমিকসহ গ্রেফতার হয়েছেন এক তরুণী। চুরি বলতে তিনি কোটি টাকার সোনাদানা গায়েব করে দিয়েছিলেন ঘর থেকে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রেমিক হেত শাহকে (২০) বেঙ্গালুরু পাইলট ট্রেনিং একাডেমির টিউশন ফি জোগাড় করে দিতে ঘর থেকে এক কোটি রুপি মূল্যের সোনার অলংকার ও নগদ টাকা চুরি করেন প্রেমিকা প্রিয়াংকা পারসনার (২০)। শুধু তাই নয়, ডাকাতির ঘটনা সাজাতে ঘরে ভাঙচুরও চালিয়েছিলেন তিনি।

স্থানীয় ভক্তিনগর থানার পুলিশ জানায়, শনিবার বেঙ্গালুরু থেকে প্রিয়াংকা এবং হেতকে গ্রেফতার করে পুলিশ। ২৯ নভেম্বর এ চুরি ঘটনার  ১৭ দিন পর শুক্রবার প্রিয়াংকার শিল্পপতি বাবা কিশোর পারসনা থানায় অভিযোগ করেন। পুলিশে তদন্তে বের হয়ে আসে মূল ঘটনা। মেয়েই এ চুরি ঘটিয়েছে শোনার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি।  
   
রাজকুত পুলিশ কমিশনার মনোজ আগারওয়াল বলেন, জিজ্ঞাসাবাদে হেত স্বীকার করে যে পাইলট হতে তার ২০ লাখ রুপির প্রয়োজন ছিল আর তার স্বপ্ন পূরণ করতে এগিয়ে আসে প্রিয়াংকা এবং ঘর থেকে এ চুরির ঘটনা ঘটায়। তারা দুইজনেই এ চুরির পরিকল্পনা করে।

চুরি যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। এর মধ্যে ছিল ৩ কেজি সোনার অলংকার, যার  বর্তমান বাজার মূল্য ৯০ লাখ রুপি। দুই কেজি রূপার অলংকার এবং ৬৪ হাজার রুপির নগদ টাকা।

ভক্তিনগরের অভিজাত গীতাঞ্জলী পার্ক এলাকার বাসিন্দা প্রিয়াংকা আর হেত এয়ারপোর্ট এলাকার গুরজারি সোসাইটির বাসিন্দা।  তার বাবা স্থানীয় এক সিরামিক কারখানায় কাজ করেন। চার্টার্ড একাউন্টেন্ড পড়তে গিয়ে দুইজনের পরিচয়। সেখান থেকেই দুই বছর ধরে দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক।