চ্যাম্পিয়নস লিগে হতাশার রাত কাটানো ইউরোপ জায়ান্টরা নিজ নিজ লিগে জয় পেয়েছে। লা লিগা ও সিরি-আ’তে জয় দিয়ে এগিয়ে চলা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস। নিজ নিজ ম্যাচ জিতে লা লিগায় শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে রিয়াল। জুভেন্তাস ইতালিয়ান লিগে রেকর্ড টানা অষ্টম শিরোপা জয়ের পথেই আছে। এছাড়া চ্যাম্পিয়নস লিগের মতো জয়ের ধারাবাহিকতা রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবারের জয়ে এক ম্যাচ পর তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে সিটিজেনরা।
এভারটনের বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ জায়ান্টদের আরো একটি জয় ছিল সময়ের ব্যাপার। গ্যাব্রিয়েল জেসুসের জোড়া ও রাহিম স্টার্লিংয়ের এক গোলে ৩-১-এ জিতেছে সিটি। এ জয়ে এক ম্যাচ (১৭) বেশি খেলে ৪৪ পয়েন্টে শীর্ষে সিটি। লা লিগায় ষষ্ঠ অবস্থান থেকে ২৯ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে রিয়াল। রায়ো ভায়েকানোর বিপক্ষে করিম বেনজেমার একমাত্র গোলে ১-০-তে জিতেছে তারা। ইতালিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বিতীয়ার্ধের পেনাল্টি গোলে তোরিনোর বিপক্ষে জিতেছে জুভেন্তাস। ১১তম গোল করে যুগ্মভাবে লিগে গোলদাতার শীর্ষে উঠেছেন পর্তুগিজ তারকা। একই সঙ্গে রোনালদোর গোলটি ছিল জুভেন্তাসের পাঁচ হাজারতম সিরি-আ গোল।