টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সিলেটে টস জিতে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচটিতে ডে-নাইট হওয়ার কথা ছিল। কিন্তু সিলেটে শিশির ও ফ্লাডলাইট সমস্যার কারণে ম্যাচটির শুরু দুপুর ১২টায় নিয়ে আসা হয়। তবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি দিবারাত্রিরই হবে।

এর আগে সাকিবের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয়দেরকে হোয়াইটওয়াশড করে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি নিজেদের করে নেয় ২-১ ব্যবধানে।

একাদশে ইন আরিফুল আউট মিথুন

দলের সঙ্গে থেকেও একাদশে সুযোগ পাচ্ছিলেন না অলরাউন্ডার আরিফুল হক। অবশেষে টি-টোয়েন্টিতে এসে ডাক পেলেন তিনি। একাদশে ঠাঁই হয়নি টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ মিথুনের।

তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তারা হলেন- দুই বাঁহাতি আবু হায়দার ও মুস্তাফিজুর রহমান। আছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। কিন্তু জায়গা মেলেনি অভিজ্ঞ পেসার রুবেল হোসেনের।

টি-টোয়েন্টিতে আবার ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন এই স্পিন অলরাউন্ডার।

সবশেষ ওয়ানডে ম্যাচের দলে বেশ কয়েকটি পরিবর্তন এনে টি-টোয়েন্টির জন্য একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে নেই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনের রামদিন। তার জায়গায় নেওয়া হয়েছে নিকোলাস পুরানকে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধি.), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার ও মুস্তাফিজুর রহমান

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্র্যাভো, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধি.), ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল ও ওসানে টমাস।

এবার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য টি-টোয়েন্টিতেও। কিন্তু এই মিশন কঠিন হতে পারে বৈকি। কেননা ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন যে ওয়েস্ট ইন্ডিজ।