মিরসরাইয়ে বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী নিজাম উদ্দিন ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক  দিদারুল আলম মিয়াজী, বারইয়ারহাট পৌরসভার জামায়াত নেতা ও বারইয়ারহাট পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল হুদা হামিদী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ এএসএম আতিকুল ইসলাম লতিফী, জামায়াত নেতা কফিল উদ্দিন লতিফী।

রোববার রাতে চট্টগ্রামের টেরীবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে গাজী নিজাম উদ্দিন ও দিদারুল আলম মিয়াজীর বাড়ি থেকে ২ টি দেশে তৈরি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

জোরারগঞ্জ থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক আবেদ আলী জানান, গ্রেপ্তারকৃত দিদারুল আলমের বিরুদ্ধে ১৩ টি ও গাজী নিজামের বিরুদ্ধে ৫টি নাশকতার মামলা বিচারাধীন রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় পৃথক আরও দুইটি মামলা দায়ের করা হয়েছে।

মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ বলেন, নাশকতার মামলায় বিএনপি নেতা এএসএম আতিকুল ইসলাম লতিফী, জামায়াত নেতা কফিল উদ্দিন লতিফীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন জানান,গাজী নিজাম উদ্দিন ও দিদারুল আলম মিয়াজী সকল মামলায় জামিনে থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করে নতুন করে মামলা দিয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করেন।