নির্ভয়া স্মরণের দিন ভারতে ৩ বছরের শিশু ধর্ষিত

১৬ ডিসেম্বর। ছয় বছর আগের এক বিভীষিকাময় দিন। যেদিন ভারতে নির্ভয়া নামে পরিচিতি পাওয়া এক তরুণী চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন। তারই ষষ্ঠ বর্ষপূর্তিতে দিল্লিতে তিন বছরের এক শিশু ধর্ষিত হয়েছে!

বিবিসি জানিয়েছে, রোববার ধর্ষণের শিকার হওয়া ওই শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত ৪০ বছর বয়সী ব্যক্তি পেশায় নিরাপত্তারক্ষী। দিল্লি পুলিশ জানিয়েছে, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।

দিল্লিতে ধর্ষণের ঘটনা অহরহ ঘটে। দেশটির ৩৫টি মেগাসিটির মধ্যে এই শহরেই সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে। ২০১২ সালে জ্যোতি সিং পাণ্ডে নামের মেডিকেলে পড়া এক তরুণী চলন্ত বাসে ধর্ষণের শিকার হন। ১৩ দিন বাদে তিনি মারা যান। ২৩ বছরের ওই তরুণী ভারতজুড়ে নির্ভয়া নামে পরিচিতি পান। চলতি বছরের জানুয়ারিতে আট মাসের কন্যাশিশুও শহরটিতে ধর্ষণের শিকার হয়!