সিরাজগঞ্জ-১(কাজীপুর) আসনের বিএনপি প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জে ফিরেছেন। নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত তিনি স্বাভাবিক পরিবেশে নির্বাচনী প্রচারে মাঠে নামতে পারছেন না। মঙ্গলবার বিকেলে কনকচাঁপার স্বামী সুরকার মঈনুল ইসলাম খান দেশ রূপান্তরকে মোবাইল এ কথা জানান।
মঈনুল ইসলাম খান বলেন, দুই একদিনের মধ্যেই তারা পুরোপুরিভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন।
সোমবার কনকচাঁপা নিরাপত্তার অভাবে বগুড়ার পর্যটন মোটেলে গিয়ে আশ্রয় নেন। প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে একটি সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সংবাদ সম্মেলনে কনকচাঁপা দাবি করেন, প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করে না পেয়ে নিজের জীবন নাশের আশংকায় তিনি বগুড়ায় আশ্রয় নিয়েছেন।
লিখিত বক্তব্যে আরো জানান, তার নির্বাচনী এলাকায় ধানের শীষের গণসংযোগসহ বিভিন্ন ধরণের প্রচারকালে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা বাধা প্রদানসহ নানা ভাবে তাকে হুমকি ধমকি দিচ্ছেন। নির্বাচনী প্রচারে নামলে প্রাণনাশেরও হুমকি দেয়া হচ্ছে।
তিনি বলেন, রোববার কাজীপুর থেকে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন দলীয় নেতাদের সঙ্গে পরামর্শ করতে। পথে কালো রঙের একটি গাড়ি সন্দেহজনকভাবে তার পিছু নেয়। এ সময় তিনি গাড়ি থামিয়ে পিছু নেয়ার কারণ জানার চেষ্টা করলে গাড়িটি দ্রুত অন্য দিকে সটকে পড়ে। এতে তার সন্দেহ আরো বেড়ে গেলে তাৎক্ষণিক ভাবে বিষয়টি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুন নাহান সিদ্দীকাকে প্রথমে ফোনে ও পরে লিখিতভাবে জানান। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। ফলে রিটার্নিং অফিসারের উপর থেকে আস্থা হারিয়ে নিজের জীবন রক্ষায় তার নির্বাচনী এলাকা ছেড়ে পার্শ্ববর্তী বগুড়া জেলা শহরে আশ্রয় নিয়েছেন।
তবে কাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান সিরাজী কনকচাঁপার নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
কাজীপুর বিএনপি সভাপতি মো. মেলিম রেজা বলেন, কাজীপুরবাসি আমাদের পক্ষে আছে। এ নির্বচনে আমরাই জয়ী হবো ইনশাহ আল্লাহ।