ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয় সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
তিনি বলেছেন, সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে যেন সঠিক দায়িত্ব পৌঁছে যায় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে।
বুধবার (১৯ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনে টেকনিক্যাল পারসনের জায়গা খুব গুরুত্বপূর্ণ। কারণ সারা দেশের ফলাফল সফটওয়্যারের মাধ্যমে আসে। সামান্য সংখ্যার ভুল হলে নির্বাচনের ফলাফল উল্টে যেতে পারে। রান্নার সময় যেমন খাবারে লবণ না দিলে স্বাদ হয় না। ঠিক তেমনি সামান্য সংখ্যার ভুলে ফলাফল ওলট-পালট হয়ে যায়। আপনাদের দক্ষতা, মেধা আগ্রহ দিয়ে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।
কে এম নূরুল হুদা বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভুল করলে সমস্ত নির্বাচন ব্যবস্থায় ভুল হবে না। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হবে। যা সংশোধন করা যাবে। কিন্তু আপনার ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
সিইসি বলেন , সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং মাঠে গিয়ে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদের তা প্রমাণ করতে হবে।
এ সময় ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।