মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করতে তার নামের সঙ্গে মিল রেখে নতুন একটি উভচর প্রাণীর নামকরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের নেতিবাচক মন্তব্যের কারণে এই কাজ করা হয়েছে। নাম রাখা হয়েছে ‘ডারমোফিস ডোনাল্ডট্রাম্পি’।
এই প্রাণীটিকে পাওয়া গেছে পানামায়। এরা বালির ভেতর মাথা ঢুকিয়ে থাকে। জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন, সেটি এই প্রাণীর সঙ্গে মিলে যায় বলে মন্তব্য করেছে পানামার প্রাণী-নামকরণ প্রতিষ্ঠান।
প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্প নিজেকে সরিয়ে নিয়েছেন। এরপর গত অক্টোবরে বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য আসলেই মানুষ দায়ী কি না, সেটি নিয়ে তার সন্দেহ আছে!
নামকরণ প্রতিষ্ঠানটি বলছে জলবায়ু পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের ভেতর সচেতনতা বাড়াতে তাদের এই উদ্যোগ।
ট্রাম্প ছাড়া বারাক ওবামার নামেও প্রাণীদের বৈজ্ঞানিক নামকরণ আছে। মার্কিন প্রেসিডেন্টদের ভেতর তার নামের সঙ্গে মিল রেখেই সবচেয়ে বেশি প্রাণীর নামকরণ করা হয়েছে। এছাড়া জর্জ ডব্লিউ বুশের নামেও প্রাণীদের নাম রাখার ইতিহাস আছে।