চার দিন ধরে অনশনরত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হচ্ছে। বুধবার দুপুর দুই টার দিকে তাকে বহনকারী বেসরকারি অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে রওনা হয়।
এর আগে, আজ সকালে লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে মেডিকেল টিমের সদস্য হৃদ্রোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেনের তত্ত্বাবধানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।
গত রোববার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুর করে। এর প্রতিবাদে তিনি জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন।
এদিকে এ ঘটনায় মঙ্গলবার বিকেলে চারজনকে আটক করেছে পুলিশ।