প্রকাশিত হলো দেশ রূপান্তর। ২০ তারিখ সকালে পাঠকের হাতে তুলে দেওয়ার সব আয়োজন শেষ। ছাপা কপিগুলো এরই মধ্যে গাড়িতে রওয়ানা হয়েছে জেলায় জেলায় পাঠকের উদ্দেশে।
পত্রিকা, টিভি ও অনলাইনে বিজ্ঞাপন মারফত অনেক পাঠকই জেনেছেন। হকারকে বলে দিয়েছেন পত্রিকা দিতে। বলে না দিলেও ক্ষতি নেই, বিক্রয় কেন্দ্র থেকে পত্রিকা সংগ্রহ করুন।
ইমেইলে, ফেসবুকে, চিঠি লিখে জানান পাঠকের জন্য দেশ রূপান্তরের আয়োজন কেমন হয়েছে।
পত্রিকার সঙ্গে চালু হলো দেশ রূপান্তরের ওয়েবসাইট ও ই-পেপার। দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় নিয়ে দেশ রূপান্তরের সব আয়োজনে পাঠকদের স্বাগত।
বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশে বুদ্ধিবৃত্তিক ও পেশাদারি উৎকর্ষতার সঙ্গে দায়িত্বশীলতা ও সততা আমাদের অঙ্গীকার।
তথ্যের সঙ্গে রং নয়, সাদা কথায় বস্তুনিষ্ঠ বিশ্লেষণ ও তথ্যানুসন্ধান আজকের সাংবাদিকতার মূল চ্যালেঞ্জ।
সে চ্যালেঞ্জ নিতে সিদ্ধহস্ত সম্পাদক অমিত হাবিবের নেতৃত্বে সমবেত এই প্রজন্মের এক দল মেধাবী সাংবাদিক। সঙ্গে আছে সময়ের প্রতিশ্রুতিশীল তরুণরাও।
দৈনিক কালের কণ্ঠ’র সাবেক উপদেষ্টা সম্পাদক অমিত হাবিব। ২০০৯ সালে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেওয়ার পর পত্রিকাটি প্রকাশে মুখ্য ভূমিকা পালন করেন তিনি।
২০১৩ সাল থেকে এ পত্রিকার উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন অমিত হাবিব।
কালের কণ্ঠের আগে তিনি দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাংবাদিকতায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন অমিত হাবিব দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক যায়যায়দিনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
‘দেশ রূপান্তর’ পত্রিকায় যুগ্ম সম্পাদক হিসেবে আছেন গাজী নাসির উদ্দিন আহমেদ খোকন। পত্রিকাটির উপ-সম্পাদক হিসেবে আছেন মাহবুব মোর্শেদ।
পত্রিকার পাশাপাশি সার্বক্ষণিক সংবাদ পাওয়া যাবে দেশ রূপান্তর অনলাইন- www.deshrupantor.com-এ।জাতীয়-আন্তর্জাতিক, রাজনীতি-অর্থনীতির পাশাপাশি খেলাধুলা, ক্যারিয়ার, তথ্য-প্রযুক্তি, প্রবাস, লাইফ স্টাইল ও সাহিত্য-সংস্কৃতির হালনাগাদ সংবাদ পেতে দেশ রূপান্তর অনলাইনে চোখ রাখুন।
ভরসা রাখুন দায়িত্বশীল সাংবাদিকতায়, থাকুন দেশ রূপান্তরের সঙ্গে।