ইসিতে ওসির ‘গুলির’ বর্ণনা দিলেন খোকন

নোয়াখালীর সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিরুদ্ধে গুলির অভিযোগ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে তার বর্ণনা দিয়েছেন বিএনপির প্রার্থী মাহবুব উদ্দিন খোকন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয় থেকে বেরিয়ে বিষয়টি সাংবাদিকদেরও জানান তিনি।

গত শনিবার নোয়াখালীর সোনাইমুড়িতে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের প্রার্থী, বিএনপির যুগ্ম মহাসচিব খোকন। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণার সময় গোলাগুলির কথাও বলেছি। সেখানে কোনো আওয়ামী লীগ ছিল না। আওয়ামী লীগের কোনো মিছিল ছিল না, কিছুই ছিল না। আমার গণসংযোগের পেছনে পুলিশ ছিল, সামনেও ছিল। পুলিশসহ সংশ্লিষ্টদের আমার গণসংযোগের বিষয়ে অবহিত করা ছিল। একপর্যায়ে সোনাইমুড়ি থানার ওসির নেতৃত্বে পুলিশ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করল। আমি নিষেধ করে বললাম গুলি করছেন কেন? গুলি স্টপ করেন প্লিজ। তারপরও ওসি সাহেব গুলি স্টপ করছেন না।