একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।
বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করার পর এসব কথা বলেন আইজিপি।
তিনি জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলার প্রস্তুতি বিগত যেকোনো সময়ের চেয়ে সর্বোত্তম। আইজিপি বলেন, আমরা মূলত নির্বাচন উপলক্ষে আমাদের পরিকল্পনা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি। আমাদের সর্বশেষ অবস্থা ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশের নিজস্ব পরিকল্পনার কথা কমিশনকে অবহিত করেছি।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে উল্লেখ করেন আইজিপি।
পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই বিএনপি ও ঐক্যফ্রন্টের এমন অভিযোগ ‘অবাস্তব’ বলে সাংবাদিকদের জানান জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, শুধু পুলিশ নয়, সব প্রশাসন এখন কমিশনের নিয়ন্ত্রণে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি আইজিপি।
পুলিশের প্রতিনিধি দলে আরো ছিলেন, অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার।