নির্বাচনী প্রচারণাকালে হামলার প্রতিবাদ ও সুষ্ঠু পরিবেশের দাবিতে নেত্রকোনা-১ (দুর্গাপুর কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল অবস্থান কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার দুপুর ১২টা পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত কলমাকান্দা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
ব্যারিস্টার কায়সারের অভিযোগ- আজ নির্বাচনী প্রচারণার সময় কলমাকান্দা আওয়ামী লীগ অফিসের সামনে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এর প্রতিবাদে প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি মনোনীত প্রার্থী কায়সার কামাল।
পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে কায়সার কামাল সাংবাদিকদের বলেন, শুরু থেকেই আমার নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের আক্রমণের শিকার হচ্ছে। এমন কোন দিন নেই পুলিশ আমার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ধর-পাকড় করছে না। বর্তমানে এখানে কোনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন অবস্থান কর্মসূচি পালনকারীদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্ভয়ে নির্বাচন কার্য পরিচালনা করেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এ ধরনের কার্যক্রমের ব্যাপারে থানা ওসিকে নির্দেশ দিয়েছি, যাতে এমন ঘটনা আর না ঘটে। পরে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন তাদেরকে আশ্বস্ত করে নিরাপত্তা দেওয়া সহ শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যেতে বললে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন।