ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০০ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য পরিকল্পনা গঠন করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছেন। তার পরিকল্পনায় ২০৪১ সালে সারা বিশ্বে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে পরিচিতি পাবে। ২০৪১ সাল পর্যন্ত বাংলাদেশের করণীয় কী হবে, সে বিষয়েও জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনা গঠন করে রেখেছেন।’
শুক্রবার দুপুরে আখাউড়া পৌরশহরের রাধানগর রেলগেটে এক নির্বাচনী পথসভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। দেশের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করার জন্য নৌকা মাকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর তিনি দেবগ্রাম, রাধানগর রেলগেট, মসজিদ পাড়া, দুর্গাপুর, নারায়ণপুরসহ আখাউড়া পৌরশহরের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন।
পথসভায় আখাউড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাবেক পৌর বিএনপির সভাপতি কাউন্সিল আতিকুর রহমান, সাবেক ছাত্রদল নেতা শেখ সোহেলসহ আটজন বিএনপির নেতাকর্মী আইনমন্ত্রীর হাতে ফুলের তোরা দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগে আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।