নির্বাচন কমিশনের মেরুদণ্ড নিয়ে প্রশ্ন আছে: আনু মুহাম্মদ

একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার আশঙ্কা প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সরকার দলীয় প্রার্থী ছাড়া অন্য দল নির্বাচনী প্রচার করতে পারছে না। নির্বাচন কমিশনের যে মেরুদণ্ড থাকা দরকার এবং  প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

‌‘নাগরিকের পক্ষে আমরা’ ব্যানারে শনিবার রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে তিনি ভোটকেন্দ্রে নিরাপদে ভোট দেওয়ার অধিকার নিশ্চিতের দাবি করেন সরকারের কাছে।

তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এই বিশ্বাস থেকে জনগণ দূরে সরে যাচ্ছে। এ বিশ্বাস অর্জনের জন্য জনগণ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তা নিশ্চিত করা সরকারের উচিত।

তিনি বলেন, আমার ভোট আমি দেব এই স্লোগানের মধ্যে দিয়ে প্রত্যেককে তার ভোট নিশ্চিত করতে হবে।

আলোকচিত্রী শহিদুল আলম বলেন, এখন দেশে ভয়ের পরিস্থিতি রয়েছে। এই পরিস্থিতিতে জনগণ হিসেবে আমরা একা না সেটা বোঝানোর প্রয়োজন রয়েছে। প্রত্যেকে মনে করছেন প্রশাসনসহ এত এত ক্ষমতা যাদের হাতে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে না জানি কী হবে? জনগণ যে সব থেকে বড় ক্ষমতা এটা আমাদের মনে রাখতে হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জবাবদিহিতার মাধ্যমে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন তারা জানবে যা খুশি করে পার পেয়ে যেতে পারব না। দেশ পরিচালনার জন্য যাদের দায়িত্ব দিচ্ছি তারা সেটা ঠিকভাবে করছে কিনা জানা জনগণের প্রয়োজন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী শাহদীন মালিক প্রমুখ।