কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদ মেরী’র গণসংযোগের গাড়িবহরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে দড়িকান্দি ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে মেরী এ ঘটনার জন্য বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনকে দায়ী করেন।
কুমিল্লা-২ (তিতাস ও হোমনা) আসনের নৌকা প্রতীকের এ প্রার্থী বলেন, আমি সুষ্ঠু ধারার রাজনীতি ও গণতন্ত্রে বিশ্বাসী। নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ দল এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, আজকের ঘটনায় প্রমাণিত হলো আমার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বোমাবাজ, আগুন সন্ত্রাসের রাজনীতি করেন। মেরী বলেন, যত হামলা ও পরিকল্পনাই করা হোক না কেন ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের বিজয় নিশ্চিত।
অভিযোগ অস্বীকার করে তিতাস উপজেলা বিএনপির সভাপতি সালাহ উদ্দিন সরকার বলেন, কয়েকদিন আগের একটি মিথ্যা মামলায় ৭/৮জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আতঙ্কে অন্যরা এলাকাছাড়া। পরিকল্পিতভাবে মিথ্যা এ নাটক সাজানো হয়েছে। আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক না কেন এবার খালি মাঠে গোল দিতে দেবো না।