নিরপেক্ষতা প্রমাণ করুন অন্যথায় এ্যাকশন: ডিসিকে হুমকি

গাজীপুরের ডিসিকে নাম ঠিকানা বিহীন একটি চিঠিতে হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেনামী চিঠিটি জেলা প্রশাসকের হাতে আসে গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। 

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর দেশ রূপান্তরকে জানান, চিঠিতে তিনি, তার পরিবার ও আত্মীয় স্বজনকে উদ্দেশ্য করে হুমকি দেয়া হয়। এ ব্যাপারে জরুরী ব্যবস্থা নেয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বরাবর চিঠি দেয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, হাতে লেখা চিঠিতে একটি অংশে লেখা আছে ‘আপনার প্রতিদিনের তৎপরতা মনিটর করা হচ্ছে। আপনার অপরাধ দিন দিন ভারী হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে ১০০ ভাগ নিরপেক্ষতা প্রমাণ করুন। অন্যথায় এ্যাকশন।’