কমিশনার কবিতা খানমকে অমিতের চিঠি

নির্বাচনী প্রচারণায় সীমাহীন প্রতিবন্ধকতা এবং সকল মামলায় জামিন থাকা সত্ত্বেও বিনা ওয়ারেন্টে দল ও জোটের তৃণমূল নেতাকর্মীদের ঢালাও গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যশোর-৩ (সদর) আসনে বিএনপি তথা ঐক্যফ্রন্ট প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার সন্ধ্যায় যশোর সার্কিট হাউজে নির্বাচন কমিশনার কবিতা খানমের কাছে লেখা চিঠিতে তিনি এসব অভিযোগ করেন। পাশাপাশি তিনি নির্বাচনী পরিবেশ ‘খারাপ’ বলে মৌখিকভাবে অভিযোগ করেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরে থাকা নির্বাচন কমিশনার কবিতা খানম গুরুত্ব সহকারে ধানের শীষের প্রার্থী অমিতের কথা শোনেন।

তিনি সেখানে উপস্থিত বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল আওয়াল এবং পুলিশ সুপার মইনুল হককে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এই তথ্য নিশ্চিত করেছেন অভিযোগকারী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ও রিটার্নিং অফিসার আব্দুল আওয়াল।

প্রার্থী অমিত বলেন, “প্রত্যাশা করা যাচ্ছে যে আসন্ন নির্বাচনের বাকি দিনগুলোতে যশোরে সৌহার্দ্যপূর্ণ নির্বাচনী পরিবেশ ফিরে আসবে। আমাদের নেতাকর্মীরা নির্বিঘ্নে প্রচারণার কাজে অংশ নিতে পারবে। কোথাও কোনো বাধা সৃষ্টি এবং হয়রানির অভিযোগ আসবে না।”

এর আগে শনিবার সকালে শহরের দক্ষিণাংশে প্রচারণায় গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেয়েছেন বলে দুপুরে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন অমিত।