মারিও মানজুকিচের একমাত্র গোলে রোমাকে হারিয়ে সেরি আয় জয়ের ধারা ধরেছে ইউভেন্তুস। সেই সঙ্গে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে গত সাত আসরের চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠে শনিবার রাতে ইতালির শীর্ষ লিগের ম্যাচটিতে ইউভেন্তুসের জয় ১-০ গোলের। ম্যাচের ৩৫তম মিনিটে একমাত্র গোলটি করেন মানজুকিচ। মাত্তিয়া দে শিলিওর ক্রস থেকে হেডে গোলটি করেন ক্রোয়েশিয়ান এই ফরোয়ার্ড।
পুরো ম্যাচেই একচ্ছত্র আধিপত্য ছিল ইউভেন্তুসের। কিন্তু আশানুরূপ গোল আসেনি। ম্যাচের ২২তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট হয় ক্রিস্তিয়ানো রোনালদোর নেওয়া দারুণ একটি বাইসাইকেল শট। তাকে মোট চারবার হতাশ করেন রোমা গোলরক্ষক রবিন অলসেন।
অধিনায়ক জর্জো কিয়েল্লিনি ৭০তম মিনিটে রোমার জালে বল জড়িয়েছিলেন। কিন্তু গোলরক্ষককে ফাউল করায় বাদ হয়ে যায় গোলটি। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে সমতা ফেরাতে পারত অতিথি রোমা। মিডফিল্ডার ব্রায়ান ক্রিস্তান্তের নেওয়া হেড ঝাঁপিয়ে ঠেকান ইউভেন্তুস গোলরক্ষক।
যোগ করা সময়ে রোমার জালে বল জড়ান ইউভেন্তুসের ব্রাজিলিয়ান উইঙ্গার দগলাস কস্তা। কিন্তু গোলটি করার জন্য আক্রমণে যাওয়ার সময় ব্লেইস মাতুইদি প্রতিপক্ষের একজনকে ফাউল করেন। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিংয়ে সেটার সত্যতা পাওয়া গেলে গোলটি দেননি রেফারি।
এই জয়ে ১৭ ম্যাচে ইউভেন্তুসের পয়েন্ট ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯।
৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে দিনের অপর ম্যাচে স্পালকে ১-০ গোলে হারান নাপোলি। কিয়েভোর সঙ্গে ১-১ গোলে ড্র করা ইন্টার মিলান তৃতীয়স্থানে আছে ৩৩ পয়েন্ট নিয়ে।