একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রস্তুত বলে জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। রোববার চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।
বিজিবিপ্রধান বলেন, নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য সারাদেশে ১১১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে; এর মধ্যে চট্টগ্রামে মোতায়েন হয়েছে ১৪৫ প্লাটুন। গত ১৮ ডিসেম্বর মাঠে নামলেও ২০ ডিসেম্বর থেকে বিজিবি কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
নির্বাচনী দায়িত্ব পালনকে বিজিবি চ্যালেঞ্জ মনে করছে না জানিয়ে মেজর জেনারেল সাফিনুল আরো বলেন, সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছে বিজিবি সে দায়িত্ব সর্বাত্মকভাবে পালন কাজ করছে।
পরে নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক। চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইলিয়াস ও পুলিশ সুপার নুরে আলম মিনারও এসময় বক্তৃতা করেন।
বিজিবির দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম) আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আদিল চৌধুরী, ডেপুটি আঞ্চলিক কমান্ডার কর্নেল আরেফিনসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।