বিএনপি ক্ষমতায় এলে রক্তের দরিয়া বইবে: কাদের

বিএনপি ক্ষমতায় এলে লাশের মিছিল হবে, রক্তের দরিয়া বইবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি আগুন সন্ত্রাস, খুন ও দূর্নীতি ছাড়া দেশবাসীকে কিছু দিতে পারেনি।

রবিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের অশুভ তৎপরতাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। ঐক্যফ্রন্ট সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছে। এরা সহিংসতা ও নাশকতার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। তারা জনগণের প্রত্যাশিত শান্তিপূর্ণ নির্বাচনকে বানচালের চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, তারা চাচ্ছে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিয়ে যেতে। ওবায়দুল কাদের ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিন। আর শপথ নিন স্বাধীনতা বিরোধীদের চূড়ান্তভাবে পরাজিত করার।

তিনি বলেন, বিএনপির রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষ বুঝে গেছে, বিএনপি ক্ষমতায় এলে আবারো হাওয়া ভবন হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসবে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-সদর আসনের মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী ও বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।