রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সজিব (২০) নামের আরেক যুবক। রোববার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হাতিরঝিলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন রিফাত ও সজিব। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় তারা আঘাত পান।
গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন আকাশ নামে এক ব্যক্তি। রাত ৩টায় কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
আগারগাঁও তালতলা স্টাফ কোয়ার্টারে থাকতেন রিফাত। তালতলা বঙ্গবন্ধু একাডেমিতে ১০ শ্রেণিতে লেখাপড়া করতেন তিনি। তার বাবার নাম লিটন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত যুবককে তার স্বজনরা অন্য হাসপাতালে নিয়ে গেছে বলে বাচ্চু মিয়া জানান।