বড়দিন পালন করতে দেশে মেসি-সুয়ারেস

বড় দিনের হাওয়া লেগেছে ইউরোপের ফুটবলে। পরিবারের সাথে বড় দিন কাটাতে দেশে উড়াল দিয়েছেন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা খেলোয়াড় লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও উসমানে দেম্বেলে।

কাম্প নউয়ে শনিবার রাতে সেল্তা ভিগোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর পরই তারা বাড়ির উদ্দেশে বিমানে চড়েন বলে জানা গেছে। ক্লাবে ফিরবেন নতুন বছরে। বার্সেলোনার পরের ম্যাচ ৬ জানুয়ারি লা লিগায় গেতাফের বিপক্ষে।

বাচ্চাদের নিয়েই বিমানে চড়েছেন সুয়ারেস। বার্সেলোনা বিমানবন্দরে বাচ্চাদের নিয়ে প্রবেশ করতে দেখা গেছে উরুগুয়ের এই স্ট্রাইকারকে। একাই প্রবেশ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি ও ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে।

বড় দিনের আগে খুব উজ্জীবিত মেজাজে বার্সেলোনা শিবির। জয় দিয়ে বছর শেষ করেছে তারা। সেল্তার বিপক্ষে জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলও মজবুত করেছে কাতালান ক্লাবটি। এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৩৭।

৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয়স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩২। চতুর্থস্থানে আছে রিয়াল মাদ্রিদ ২৯ পয়েন্ট নিয়ে।