রেকর্ডের সামনে নিউজিল্যান্ড

৮৮ বছরের ইতিহাসে তিনবার টানা তিন টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। প্রথমবার ১৯৮৫-৮৬-তে, দ্বিতীয়বার ২০০৪-০৬-এ আর শেষবার ২০১৩-১৪ সালে। এই প্রথম টানা চার টেস্ট সিরিজ জয়ের হাতছানি কিউইদের সামনে। ঘরের মাঠে গত তিনটি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়। অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কুশল মেন্ডিসের ব্যাটিং বীরত্বে পিছিয়ে পড়েও ওই টেস্ট ড্র করে সফরকারীরা। ক্রাইস্টচার্চে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টা থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এ ম্যাচে জিতলেই দারুণ অর্জন আসবে নিউজিল্যান্ড ক্রিকেটে।

এই সিরিজের আগে টেস্ট র‌্যাংকিংয়ের দুইয়ে ওঠার হাতছানি ছিল স্বাগতিকদের সামনে। তার জন্য দুই টেস্টের দুটিতেই জিততে হতো। প্রথম টেস্ট ড্র হওয়ার ফলে তা সম্ভব হয়নি। দুইয়ে ওঠার সুযোগ হাতছাড়া হওয়ায় এবার টানা সিরিজ জয়ের রেকর্ডেই নজর দিতে হচ্ছে কেন উইলিয়ামসনদের। নতুন রেকর্ডে চোখ রেখে ঘরের মাঠে বর্তমান সাফল্যে সন্তোষ প্রকাশ করলেন ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান, ‘ঘরের সাফল্যে আমরা সত্যিই খুশি। এখন একটি রেকর্ড আমাদের চ্যালেঞ্জ দিচ্ছে। এটা হলে প্রমাণ হবে যে সাম্প্রতিক সময়ের সাফল্য ধরে রেখেছি। এখন সিরিজটি এক ম্যাচের হয়ে গেছে। এ ম্যাচেই সিরিজের হার-জিত নিশ্চিত হবে। ক্রাইস্টচার্চে তাই অনেক কাজ বাকি।’