আফগানিস্তানে একটি সরকারি ভবনে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই সরকারি কর্মকর্তা-কর্মচারী। নিরাপত্তা বাহিনীর অভিযানের মধ্যদিয়ে সোমবার রাতে ওই ভবনের সাত ঘণ্টার জিম্মিদশার অবসান হয়।
আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানায়, হামলার ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, নিহতদের মধ্যে একজন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত তিন বন্দুকধারী রয়েছেন।
সোমবার বিকেলে একজন আত্মঘাতী হামলাকারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটিয়ে হামলার সূচনা করে। এরপর বন্দুকধারীরা প্রতিবন্ধী এবং শহীদ পরিবারের জন্য জাতীয় কর্তৃপক্ষ দপ্তরে হামলা চালায়।
এসময় সেনা সদস্যরা অভিযান চালালে বন্দুকধারীরা বেসামরিক লোকজনকে জিম্মি করে। পরে প্রতিটি কক্ষে অভিযান চালিয়ে আটকে পড়া ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে উদ্ধার আফগান নিরাপত্তা বাহিনী।
তাৎক্ষণিক কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে রাজধানী কাবুলসহ সারাদেশে সরকারি ভবনগুলোতে হামলা বাড়িয়েছে তালেবান যোদ্ধারা। কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসের অনুগত বাহিনীও।
এমন সময় এই হামলার ঘটনা ঘটল যখন আফগানিস্তান থেকে বেশকিছু সংখ্যক সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সেনা প্রত্যাহারে নিরাপত্তায় ব্যাঘাত সৃষ্টি করবে না বলে দাবি করেছে আফগান সরকার।