চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে 'অবরুদ্ধ' করে রাখার অভিযোগ পাওয়া গেছে। তার বাসভবনের সামনে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা অবস্থান নিয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে নিজ বাসভবনে পুলিশ দ্বারা আমি অবরুদ্ধ উল্লেখ করে মানিক বলেন, শহরের জেএম সেনগুপ্ত রোডে অবস্থিত আমার বাসায় কোন নেতা-কর্মীকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। বাসভবনের সামনে অবস্থান নেওয়া প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, গতকাল সোমবারের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অবস্থান নিয়েছেন তারা।
মানিক তার নেতা-কর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, যতই প্রতিকূলতাই আসুক না কেন আগামী ৩০ তারিখ আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষ মার্কায় ভোট দেবেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, গতকালের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী তার বাসার সামনে অবস্থান নিয়েছে। তার বাসায় নেতা-কর্মীদের ঢুকতে বা বের হতে কোন প্রকার বাধা দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, মানিক সোমবার সকালে গণসংযোগ করছিলেন। সেসময় তার প্রধান নির্বাচন সমন্বয়কারী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিমকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে বিএনপি নেতা-কর্মীরা প্রথমে থানায় গিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে জে এম সেনগুপ্ত রোডের ধানের শীষ প্রতীকের প্রার্থীর জে এম সেনগুপ্ত রোডস্থ বাসভবনে ফেরার সময় নৌকা প্রার্থীর কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পাশাপাশি স্থানে অবস্থিত আওয়ামী লীগ প্রার্থী ডা. দীপু মনি ও বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় হামলা চালানো হয়। এতে উভয় দলের কমপক্ষে অর্ধশত নেতা-কর্মী আহত হয়।