নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা হয়েছে। হামলায় তার মাথা ফেটে যায়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তা এলাকায় ধানের শীষের প্রচার চালানোর সময় এ হামলার হয়। রক্তাক্ত অবস্থায় গয়েশ্বর চন্দ্র রায়কে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত সহকারী মো. শাহিন আলম দেশ রূপান্তরকে বলেন, জিঞ্জিরা ইউনিয়ন এলাকার কদমতলী চৌরাস্তায় প্রচার চালানোর সময় কদমতলী চৌরাস্তা এলাকায় গেলে হামলা হয়। তার দাবি, সরকারি দলের সমর্থকরা এ হামলা চালায়। এতে গয়েশ্বর চন্দ্র মাথায় আঘাত পান।
এরপর রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, চুনকুটিয়া কদমতলা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন গয়েশ্বর চন্দ্র রায়। প্রচারণাকালে তার ওপর লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী। এতে প্রার্থী গয়েশ্বর চন্দ্রসহ তার অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন।