জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আর কোনো ভুলভ্রান্তি হবে না বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘গত ১০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এ সময় বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ দেশের উন্নয়নের বিপ্লব ঘটেছে। এ সকল কাজ করতে গিয়ে যদি দলের নেতা কর্মীরা কোথাও জনমনে আঘাত করে থাকে তাহলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি জনতার কাছে ক্ষমা প্রার্থী। এবার ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে আর কখনো এসব ভুলভ্রান্তি হবে না।’
মঙ্গলবার সকালে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ কিরণের সমর্থনে বেগমগঞ্জ চৌরাস্তায় এক পথসভায় ও বিকালে নোয়াখালী জেলা আওয়ামীলীগ অফিসে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় ভোটের বাকি চারদিন দলীয় নেতাকর্মীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে কিছু সহিংসতা হচ্ছে তার জন্য কোনো কোনো স্থানে আওয়ামীলীগ যে দায়ী নয় তা আমি বলব না। ভোটের বাকি চারদিন নেতাকর্মীদের সহনশীল হতে হবে।
এসময় ওবায়দুল কাদের বলেন, নোয়াখালীতে এ পর্যন্ত যা ঘটেছে নির্বাচন কমিশন তদন্ত করে ব্যবস্থা নিলে আমরা কিছু বলব না।
তিনি বলেন, আওয়ামী লীগের জন্মের পর থেকে যতবার ক্ষমতায় এসেছে নির্বাচনের মাধ্যমে এসেছে। নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা আওয়ামী লীগের ইতিহাসে নাই। আওয়ামী লীগ জনতার ক্ষমতায়নে বিশ্বাস করে বলে পরপর আওয়ামী লীগ ভোটের মাধ্যমে জয়লাভ করে যায়। আর যারা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দল বানায় তারা জনতাকে বিশ্বাস করতে পারে না। তাই বার বার দেশে বিদেশে শুধু নালিশ করে।’
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ডা. জাফর উল্যা, জেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন উপস্থিত ছিলেন।