ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে একটি হিন্দু বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝাড়গাঁও গ্রামের বাসিন্দা যাত্রু বর্মণের খরের ঘরে আগুন জ্বলে ওঠে।
বাড়ির মালিক যাত্রু বর্মন বলেন, গভীর রাতে কেউ বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দিতে পারে। এসময় পরিবারের আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুনের তাপ গায়ে লাগলে ঘুম ভেঙে যায় এবং জ্বলন্ত আগুনের লেলিহান শিখা দেখতে পাই। পরে বালিয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের ৩টি খড়ের ঘর ও ১টি খড়ের গাদা পুড়ে যায়।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম মোস্তফা বলেন, রাত ১টা ৪৯ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে ছাইয়ের আগুন থেকে এর সূত্রপাত হতে পারে।
রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, স্থানীয় লোকজন ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত শুক্রবার ভোরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া শাহাপাড়া গ্রামের কৃষ্ণ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়। এতে আগুনে ৮ টি ঘর, ৭টি ছাগল, ৬০ মণ ধান ও আসবাবপত্র পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষ্ণ ঘোষ বাদী হয়ে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান লিটনসহ ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।