রাতভর অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৫

বগুড়ায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ ৭৫ জনকে গ্রেপ্তার করেছে। জেলার ১২টি থানার মধ্যে ১১ থানায় এই অভিযান চালানো হয়।

এদের মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। তাদের বিস্ফোরকদ্রব্য আইন ও নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঐক্যফ্রন্টের নেতাদের দাবি, ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে পুলিশ এই গ্রেপ্তার অভিযান শুরু করেছে।

গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে শাজাহানপুর থানা ছাড়া অন্য ১১টি থানায় মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিবগঞ্জ থানায় ২১ জন, সদর থানায় ২০জন, গাবতলীতে ৪জন, সারিয়াকান্দিতে ৫ জন, সোনাতলায় ২ জন, আদমদীঘিতে ১ জন, দুপাঁচিয়ায় একজন, কাহালুতে ২ জন, শেরপুরে ৫ জন, নন্দীগ্রামে ২ জন ও ধুনটে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান জানান, প্রত্যেককে সুনির্দিষ্ট মামলা ও অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই বিস্ফোরক দ্রব্য আইন ও নাশকতা মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তারা।

তবে বগুড়া-২(শিবগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেই পুলিশ এই অভিযান চালু করেছে।

বুধবার বিকেলে বিএনপি মহাসচিব ও তার নির্বাচনী জনসভাকে পণ্ড করতেই এই অভিযান বলে দাবি করেন তিনি।