আপনি বড় মাপের মানুষ, মাস্তানি আচরণ বন্ধ করুন: ড. কামালকে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচন কমিশনের সঙ্গে ড. কামাল হোসেনের খারাপ আচরণের জন্য নিন্দা জানিয়ে বলেছেন, এত বড় মাপের মানুষ, এত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, তার মুখে এ রকম নোংরা ভাষা মানায় না। ভোট পাবে না জেনেই বিএনপি সহিংসতা করছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা এ রকম সন্ত্রাসী আচরণ বন্ধ করুন। মাস্তানি ও সন্ত্রাসী আচরণ দেশের মানুষ পছন্দ করে না।

বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী এসব বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ নৌকায় ভোট দিতে উদ্‌গ্রীব, তাই ঐক্যফ্রন্ট দেশজুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় আমাদের ৪৫ জন আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন ঐক্যফ্রন্ট, বিএনপি-জামায়াত জোটের হাতে। যেখানেই সুযোগ পাচ্ছে তারা সেখানেই হামলা করে যাচ্ছে। 

শেখ হাসিনা বলেন, তারা (জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি-জামায়াত) জানে সন্ত্রাস-জঙ্গিবাদ এতিমের অর্থ আত্মসাৎকারী মানি লন্ডারিং দুর্নীতি অগ্নিসংযোগকারীদের মানুষ ভোট দেবে না।

ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তিনি নির্বাচন কমিশনে গিয়েও পুলিশকে গালিগালাজ করে এসেছেন। কোর্টে বসে অ্যাটর্নি জেনারেলকে নোংরা গালি দিয়েছে। সাংবাদিকদের খামোশ বলে দেখে নেব হুমকি দিয়েছেন। এই আচরণ থেকে বোঝা যায় তাদের নেতা কর্মীদের আচরণটা কতটা জঘন্য। আমরা এসবের তীব্র নিন্দা জানাই।

উন্নয়নের ফিরিস্তি তুলে হাসিনা বলেন, আমরা ১০ বছরে মানুষের জন্য কাজ করেছি। আমরা দেশের উন্নয়ন করেছি। সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে নৌকাকে কেউ হারাতে পারবে না। প্রতিটি শ্রেণি পেশার মানুষ ভালো আছে। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস প্রায় নির্মূল করেছি। ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারলে দেশকে মাদক মুক্ত করবো। শেখ হাসিনা বলেন, ১০ বছরে দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। আমরা এই ধারা বজায় রাখতে চাই। এ জন্য আপনারা নৌকায় ভোট দিন।