বাগেরহাট-২ আসনে (সদর-কচুয়া) আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত বাগেরহাট গড়তে নৌকায় ভোট দিন। আমার রক্তের কোনো আত্মীয় বা দলের কেউ হলে তাকেও ছাড় দেয়া হবে না। আমাকে বিশ্বাস করুণ আমার প্রতি আস্থা রাখুন, আপনারা ঠকবেন না।’
বুধবার বিকালে কচুয়া উপজেলার বাধাল বাজার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভোটারদের আশ্বস্ত করে শেখ তন্ময় বলেন, ‘আপনাদের ভালবাসা আমার বড় পাওয়া। আমার বয়স মাত্র ৩৩ বছর। আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি, এসেছি আপনাদের সেবা করতে। তাই আপনাদের কাছে একটাই চাওয়া আমাকে সেবা করতে সাথে থাকার সুযোগ দিন।’
তিনি বলেন, ‘আমার বিশ্বাস আপনারা আমাকে ভোট দিবেন। আপনারা কথা রক্ষা করবেন, আমি নির্বাচিত হলে আমার কথা রক্ষা করবো।’
বাধাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোতোয়াল ইলিয়াস আহম্মেদের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরো বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ পরশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সহসভাপতি আবদুর রহমান তুহিন প্রমুখ।