যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করেছেন পুলিশ তাকে 'নিঃসঙ্গ' করে দিয়েছে।
বুধবার দুপুর ৩টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম বলেছেন, আমার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ককে গ্রেপ্তার করা হয়েছে। আমি গত প্রেস ব্রিফিংয়ে আশঙ্কা প্রকাশ করেছিলাম আগামী প্রেস কনফারেন্সে হয়ত আমার ডানে-বামে কোনো রাজনৈতিক সহকর্মী থাকতে পারবে না। আজ সেই আশঙ্কা সত্যি হয়েছে। আমি শুধু স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছি।
এর আগে দুপুর দেড়টার দিকে ধানের শীষের এ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু ও যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানকে আটক করে পুলিশ।
সংবাদ সম্মেলনে তার সঙ্গে শুধু তার স্ত্রী সোহানা পারভীন উপস্থিত ছিলেন। অমিত আরও বলেন, প্রচারের শুরু থেকে আজ পর্যন্ত দলের পদধারী ২৫০ কর্মী গ্রেপ্তারের শিকার হয়েছে।
তিনি বলেন, আশি আশাবাদী মানুষ। এত প্রতিকূলতার মধ্যেও আমি বিশ্বাস করি আগামী ৩০ তারিখ (ডিসেম্বর) আমার পাশে কোনো কর্মী না থাকলেও যশোর সদর-৩ আসনের ভোটাররা ধানের শীষের কর্মী হিসেবে শুধু ভোটাধিকার প্রয়োগ নয়, ভোটকেন্দ্রও পাহারা দেবে।