নির্বাচনকালীন সাংবাদিকদের অবাধ চলাচল নিশ্চিতের দাবি

নির্বাচনের আগের দিন থেকে পরদিন পর্যন্ত, তিন দিন সারা দেশে সাংবাদিক, সংবাদ কর্মী এবং মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্ত ভাবে চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন সম্পাদক পরিষদ। বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানানো হয়।

চিঠিতে বলা হয়, "নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের ও পরের দিন সারা দেশে সাংবাদিক, সংবাদ কর্মী, মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্তভাবে চলাচল নিশ্চিত করা হোক।" চিঠিতে সাংবাদিক ও সংবাদ কর্মীদের  মোটরসাইকেল, সাংবাদিক বা সংবাদপত্র পরিবহনকারী যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করার দাবি জানানো হয়।

চিঠিতে সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি এবং যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্যও আহ্বান জানানো হয়।